ঈ‌দে ৪ দি‌নে ঢাকা ছেড়েছে ৭৩ লাখ সিম ব্যবহারকারী

১ মে, ২০২২ ১৮:২০  
ঈদ উপলক্ষে ঢাকার বাইরে গেছে ৭৩ লাখের বেশি সচল মোবাইল সিম। এরমধ্যে গত দুই দিনে গেছে ৪৩ লাখের বেশি। আর তার আগে গেছে ৩০ লাখের মতো। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার (১ মে) ফেসবুক পোস্টে জানান, ‘২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল ফোনের সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।’ তিনি বলেন, এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার ঢাকা ছেড়েছে যাদের শিশু বা কিশোরদের কাছে কোনো মোবাইল নেই। মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। উপস্থাপিত তথ্য বলছে, গত ২৯ ও ৩০ এপ্রিল, এই দু’দিনে ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ১৮ লাখ ৬২ হাজার ১৩৬, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮টি সিম। মন্ত্রী দেওয়া তথ্য থেকে জানা যায়, এ ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিম ঢাকার বাইরে গ্রামীণফোনের। আর সবচেয়ে কম টেলিটকের। এর আগে গত বছর ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। বিটিআরসির হিসাবে, এ বছরের মার্চ মাসে দেশে মোবাইল সংযোগের সংখ্যা ছিল ১৮ কোটি ২৯ লাখ।